শাবনূরের বিচ্ছেদ নিয়ে বললেন শাকিব
জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের বিয়ে বিচ্ছেদের ঘটনা কয়েক দিন ধরে শোবিজে আলোচিত হচ্ছে। ঢালিউডের শীর্ষ নায়ক এবং শাবনূরের অনেক সিনেমার সহঅভিনেতা শাকিব খানও ফেইসবুকে শাবনূরের বিচ্ছেদের খবর পেয়েছেন। গতকাল এ নিয়ে একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘দুই-তিন বছর আগে থেকে স্বামীর সঙ্গে শাবনূরের সম্পর্ক ভালো যাচ্ছিল না। মনে হয় তারা আলাদাও থাকতেন। সম্প্রতি হয়তো আনুষ্ঠানিকভাবে তালাকের বিষয়টি সামনে এসেছে। এ বিষয়ে যদিও আমি পুরোপুরি জানি না, তবে আমার কথা হচ্ছে ভালো থাকার জন্য যার যেমন ইচ্ছা, তার সেভাবেই থাকা উচিত। দিন দিন চারপাশের সবকিছুই তো জটিল হয়ে যাচ্ছে।’ বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে শাকিবের নায়িকা বুবলী নাকি অন্তঃসত্ত্বা। সন্তান প্রসবের জন্য ২৫ হাজার ডলার খরচ করে তাকে দেশের বাইরে পাঠিয়েছেন শাকিব। এ নিয়ে তিনি বলেন, ‘যারা এ নিয়ে মাতামাতি করছেন, তারা নিজেদের টিআরপি বাড়াতে চান। আমি এটা নিয়ে কথা বললে তাদের পাত্তা দেওয়া হবে। সুতরাং যার যা ইচ্ছা করতে থাকুক। দেখবেন, এক সময় আপনা-আপনি এই রটনা বন্ধ হয়ে গেছে।’
বেইজিং ফিল্ম ফেস্ট পেছাল
চীনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী এপ্রিলের ১৯ থেকে ২৬ তারিখ। কিন্তু দেশটিতে করোনাভাইরাস সংক্রমণের মুখে পিছিয়ে দেওয়া হলো এই উৎসব। গত ৮ মার্চ উৎসব আয়োজক কমিটির বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। এই বার্ষিক উৎসবে আমন্ত্রিত অতিথি, অংশগ্রহণকারী ও দর্শকদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে এবং একই সঙ্গে পেইচিংয়ে সামগ্রিকভাবে শহরটিতে মহামারী প্রতিরোধ কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে উৎসবটি আপাতত স্থগিত ঘোষণা করা হয়। তবে উৎসবটি কবে অনুষ্ঠিত হবে তা ঘোষণা করা হয়নি। আয়োজকরা বিবৃতিতে বলেন, অনুষ্ঠানটি পিছিয়ে আপনাদের অসুবিধা সৃষ্টি করায় আমরা ক্ষমাপ্রার্থী। আমরা যত তাড়াতাড়ি সম্ভব উৎসবের পরিবর্তিত নতুন তারিখ ঘোষণা করব।
কান চলচ্চিত্র উৎসব ঘিরেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে সেটা পেছানোর কোনো ঘোষণা এখনো আসেনি।
মিথিলার জন্য ক্ষেপলেন সৃজিত
বাংলাদেশের অভিনেত্রী মিথিলা ও কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি বিয়ের পর থেকেই আলোচনায়। তারা যেখানে যান, যা কিছু করেন, তা নিয়েই চলে মাতামাতি। তবে ‘সন্তান নিয়ে পরিকল্পনার কথা জানালেন সৃজিতের স্ত্রী মিথিলা’ সংবাদের এমন শিরোনামে সম্প্রতি একটি সংবাদমাধ্যমের ওপর ক্ষেপেছেন সৃজিত। কারণ শিরোনামটি পছন্দ হয়নি তার। শিরোনাম দেখে সৃজিত বিরক্তি প্রকাশ করেছেন। ওই সংবাদে মিথিলাকে ‘সৃজিতের স্ত্রী’ বলে উল্লেখ করাতেই সৃজিতের আপত্তি। নিজের বিরক্তির কথা ফেইসবুকে শেয়ার করেছেন সৃজিত, ‘সন্তান নিয়ে সৃজিতের স্ত্রীর কোনো পরিকল্পনা নেই। ঠিক যেমন অভিজিৎ বিনায়ক ব্যানার্জির স্ত্রী নোবেলটা পাননি। রাফিয়াত রশিদ একজন অসম্ভব গুণী মহিলা। আমার থেকে ও অনেক কিছু অর্জন করেছে ওর জীবনে। তার সিভি বোঝার মতো শিক্ষা বা জানার মতো ধৈর্য না থাকলে, অন্তত আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে এভাবে ছড়িয়ে লাট করবেন না।’
‘লাক্স বোল্ডলি বিউটিফুল’ ক্যাম্পেইন
গত ৭ মার্চ রেনেসাঁ গুলশান ঢাকা হোটেলে অনুষ্ঠিত হয় ‘লাক্স বোল্ডলি বিউটিফুল’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান। ‘লাক্স’ সব সময় নারীদের সৌন্দর্যের অধিকার ও দ্বিধাহীন প্রকাশে উৎসাহ দিয়ে আসছে। কিন্তু তাতে এখনো নারীদের নানা কটূক্তি আর অদ্ভুত মন্তব্য শুনতে হয়। অনেক ক্ষেত্রেই নিজেদের গুটিয়ে নেয় তারা, নানা দ্বিধায় ভোগে। এই সবকিছু পেছনে ফেলে সফলতার যাত্রায় এগিয়ে যেতে নারীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ। এ ইভেন্টে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত সফল নারীরা। ‘চলো দ্বিধা ভুলে, বলো মন খুলে’ এই সেøাগানকে সামনে রেখে ‘লাক্স বোল্ডলি বিউটিফুল’ প্ল্যাটর্মের একটি চমৎকার বিজ্ঞাপনচিত্র প্রদর্শনের মাধ্যমে আয়োজনটি শুরু হয়। অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, নৃত্যশিল্পী হৃদি শেখ, ইয়োগা প্রশিক্ষক আনিকা রাব্বানি, ডাক্তার আফরিন সুলতানা, গ্রামীণফোনের হেড অব রিটেইল পার্টনারশিপ সায়মা রহমান এই বিজ্ঞাপনে নিজেদের উপস্থাপন করেন। এটি পরিচালনা করেছেন নির্মাতা সাবরিনা আইরিন। এই ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে লাক্স বাংলাদেশের অফিশিয়াল ফেইসবুক পেজে।