গাজীপুরে আদালতে হাজিরা দিতে এসে অস্ত্র মামলার আসামি শাহিন আলম সবুজ (৩৫) হাতকড়া খুলে পালিয়ে গেছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক মো. আতিকুর রহমান জানান, হাজিরার জন্য কাশিমপুর ও জেলা কারাগার থেকে ৫০ আসামিকে প্রিজনভ্যানে আদালতে আনা হয়। আদালতে ভিড়ের মধ্যে কৌশলে হাতকড়া খুলে সবুজ পালিয়ে যায়। শুরুতে বিষয়টি টের পাওয়া না গেলেও পরে গণনায় ধরা পড়ে। সবুজকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে গাজীপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, ঘটনা তদন্তে সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. আহসান হাবীবকে প্রধান করে এক সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।