করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবে এলোমেলো বিশ্ব ক্রীড়া সূচি। এবার এর প্রভাব পড়তে যাচ্ছে বিশ্বের অন্যতম সেরা ফুটবল লিগ স্পেনের লা লিগাতে। দেশটির সংবাদমাধ্যমে খবর, দর্শকশূন্য মাঠে লিগের ম্যাচ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ!
আগামী ২১ ও ২২ মার্চের লা লিগা ম্যাচগুলো দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হতে পারে। প্রাণঘাতী নভেল করোনাভাইরাস প্রতিরোধে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছে বলে সংবাদমাধ্যমে খবর। স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ এ ব্যাপারে দেশটির স্বাস্থ্য বিভাগের নির্দেশের অপেক্ষায় রয়েছে।
যদিও লা লিগার ম্যাচ দর্শকশূন্য মাঠে অনুষ্ঠান হবে কি-না এ ব্যাপারে স্পেনের স্বাস্থ্য বিভাগ এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেয়নি। তবে যেকোনো সময় এই অবস্থানের পরিবর্তন আনতে পারে বলে জানিয়েছে স্পেনের খেলাধুলা বিষয়ক দৈনিক এএস।
দর্শকশূন্য মাঠে ম্যাচ অনুষ্ঠানের নিষেধাজ্ঞা আসলে এর আওতায় পড়ে যেতে পারে ২১ মার্চ অনুষ্ঠেয় রিয়াল মাদ্রিদ-ভালেন্সিয়া ও ২২ মার্চ অনুষ্ঠেয় বার্সেলোনা-লেগানেসের ম্যাচ।
আগামী বৃহস্পতিবার স্বাগতিক স্পেনের সেভিয়া ও ইতালির রোমা মধ্যকার উয়েফা ইউরোপা লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি দর্শকশূন্য মাঠে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, করানাভাইরাসের আক্রমণে এলোমেলো হয়ে পড়েছে ইতালির ক্রীড়াসুচি। আগামী এক মাসের জন্য দেশটিতে সব ধরনের খেলাধুলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।