টি-টোয়েন্টি বিশ্বকাপে ডি ভিলিয়ার্সকে চান রোডস

অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অক্টোবরে। এই বিশ্বকাপ জেতার জন্য সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা। সম্ভব হলে অবসরে থাকা এবি ডি ভিলিয়ার্সকে ফিরিয়ে এনে বিশ্বকাপে খেলানোর পরামর্শ দিয়েছেন জন্টি রোডস।

২০১৮ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৬ বছর বয়সী ডি ভিলিয়ার্স। প্রায় দুই বছর তেমন ক্রিকেট খেলেননি। ওয়ানডে বিশ্বকাপের আগে তিনি দক্ষিণ আফ্রিকা দলে ফেরার আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু টিম ম্যানেজমেন্ট রাজি না হওয়ায় ফেরা সম্ভব হয়নি।

ইংল্যান্ড বিশ্বকাপে বাজে পারফর্ম করে দক্ষিণ আফ্রিকা। এরপর ম্যানেজমেন্টে বড় পরিবর্তন আসে। নতুন প্রোটিয়া দলের কোচ মার্ক বাউচারও সম্প্রতি দলে ডি ভিলিয়ার্সের প্রত্যাবর্তন নিয়ে আগ্রহ দেখিয়েছেন।

এই দলে এবার যোগ দিলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফিল্ডার জন্টি রোডসও। তিনি বলেছেন, ‘আমি এবি ডি ভিলিয়ার্সের দারুণ ভক্ত। তেমন নজির তৈরি হবে কি না আমি সে ব্যাপারে নিশ্চিত নই। তবে দক্ষিণ আফ্রিকা যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চায় তাহলে সেটার জন্য সম্ভাব্য সবকিছু করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমার ধারণা আইপিএলে সে কেমন পারফর্ম করে তা দেখার জন্য অনেকে অপেক্ষায় আছে। আমরা তাকে বিগ ব্যাশে দেখেছি। সে ক্লাস ক্রিকেটার।’

অক্টোবরের ১৮ তারিখে শুরু হয়ে নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়াতে চলবে বিশ্বকাপ টি-টোয়েন্টি আসর। রোডস বলেছেন, ‘আমি আগ্রহী কারণ এটা টাফ কল। আপনি চাইবেন আপনার সেরা দল বিশ্বকাপে খেলুক। তার মতো কাউকে বাদ দেওয়াও কঠিন। কারণ এবি খুব স্পেশাল খেলোয়াড়।’