সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম সেরা ফিনিশার হলেন মহেন্দ্র সিং ধোনি। বহু ম্যাচে খাদের কিনারা থেকে ভারতকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার মনে করেন সাদা বলের ক্রিকেটে ধোনিই সেরা ফিনিশার। তার দলেও ধোনির মতো ফিনিশার প্রয়োজন।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া। টানা তিন ম্যাচ হারের পর দলে ফিনিশারের অভাব বোধ করেছেন ল্যাঙ্গার।
অজি কোচ বলেছেন, ‘অতীতে আমাদের দলে ছিল মাইক হাসি, মাইকেল বেভানের মতো ব্যাটসম্যান। যারা ফিনিশার হিসেবে অসাধারণ ছিল। এমএস ধোনি ফিনিশার হিসেবে দুর্দান্ত। ইংল্যান্ডের হয়ে জস বাটলারও এই কাজ দক্ষভাবে করতে পারে।’
বর্তমান অস্ট্রেলিয়া দলে বেভান কিংবা হাসির মতো ফিনিশার নেই। সিঙ্গেল নিয়ে স্কোর বোর্ড সচল রেখে শেষের দিকে বিগ হিট নিয়ে বড় রান করার ক্ষমতা নেই কারো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে এমন একজনের অভাব টের পেয়েছে অস্ট্রেলিয়া।
১৩ মার্চ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অজিরা। তাই ছয় নম্বর পজিশনের জন্য একজন ব্যাটসম্যানের খুঁজছেন ল্যাঙ্গার। জানিয়েছেন, ‘এই পজিশনে আমরা এখনো কাউকে পায়নি। তাই এখনো কারো ভালো করে থিতু হওয়ার সুযোগ আছে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় নম্বরে ব্যাট করতে নেমে দুই ম্যাচে ৩২ ও ৩৬ রান করেছিলেন মিচেল মার্শ। আবার সুযোগ এলে তিনি কি নিজেকে প্রমাণ করতে পারবেন?