হয়রানি বন্ধের দাবিতে বাঘাবাড়ীতে নৌ শ্রমিকদের সমাবেশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরে বুধবার সকালে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে বিশাল নৌযান শ্রমিক সমাবেশ হয়।

বাঘাবাড়ী নৌযান শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে এ সমাবেশে সভাপতিত্ব করেন বাঘাবাড়ী নৌযান শ্রমিক ফেডারেশনের সহসভাপতি সিরাজুল ইসলাম মাস্টার। বক্তব্য দেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব মিয়া, বাঘাবাড়ী নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুর রহমান মাস্টার, নয়ন আহমেদ, সালাউদ্দিন মাস্টার, আবুল খায়ের, সিদ্দিকুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কোনো ইস্যু ছাড়া জাহাজ-মালিকপক্ষের ইন্ধনে পুলিশ আমাদের নেতাকর্মীদের বাড়ি তল্লাশির নামে হয়রানি করছে। গত ৬ মার্চ বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়ার বাড়িতে তল্লাশির নামে তাকে অহেতুক হয়রানি করা হয়। এছাড়া নৌযান শ্রমিক সিরাজুল ইসলাম ড্রাইভারের নামে মিথ্যা মামলা দিয়ে তাকেও অহেতুক হয়রানি করা হচ্ছে। অবিলম্বে মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধ করা না হলে সারা দেশের সব নৌযান বন্ধ রেখে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে। সে পরিস্থিতি আসার আগেই এসব দাবি মেনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।