ইঙ্গিত মিলেছিল আগেই। এবার এল আনুষ্ঠানিক ঘোষণা।
মুজিববর্ষ উপলক্ষে এশিয়া একাদশ ও অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি আয়োজনের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু করোনাভাইরাসের প্রভাবের কারণে ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে।
ম্যাচ দুটির আগে এ আর রহমানের যে কনসার্ট হওয়ার কথা ছিল সেটিও স্থগিত করা হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করে বিসিবি।
সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘২১ ও ২২ মার্চ যে দুটো ম্যাচ ছিল, এ নিয়ে সমস্যা হচ্ছে। সবাই যে এখানে খেলতে পারবে সেটির নিশ্চয়তা নেই। অনেক জায়গা থেকেই আপত্তি এসেছে। এ কারণে এটা স্থগিত করা হয়েছে।’
এ আর রহমানের কনসার্ট সম্পর্কে বলেন, ‘আমাদের হাতে দুটি বিকল্প ছিল। ১৮ তারিখে এ আর রহমানের একটি কনসার্ট করার কথা। সেটি আমরা ছোটভাবে করতে পারতাম। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, বড়ভাবেই করতে চাই। সে জন্য ছোটভাবে না করে এটিকে পিছিয়ে দিয়েছি। পরিস্থিতি উন্নতি হলে পরবর্তীতে কোনো সময় আয়োজন করব।’
করোনাভাইরাসের প্রভাবের কারণে বাংলাদেশ দলের তৃতীয় দফার পাকিস্তান সফর নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। দ্রুতই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।