এই দিনে ১২ মার্চ

সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর শামসুদ্দীনের জন্ম গাজীপুরের দক্ষিণবাগে ১২ মার্চ ১৯১১ সালে। তার বাবার নাম মোহাম্মদ আক্কাছ আলী ভূঁইয়া। ১৯২৪ সালে তিনি জুনিয়র মাদ্রাসা এবং ১৯২৯ সালে হাই মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হন; কিন্তু পরীক্ষা না দিয়েই পড়াশোনা ছেড়ে দেন। দৈনিক সোলতান পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। পরে তিনি খুলনা ও কলকাতায় কিছুকাল সরকারি চাকরির পাশাপাশি আজাদ, ইত্তেফাক, পূর্বদেশ ও সংবাদ পত্রিকায় বিভিন্ন পদে কাজ করেন। এর আগে তিনি ১৯৬১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত বাংলা একাডেমিতে সহকারী অনুবাদকের পদে নিযুক্ত ছিলেন। প্রথম জীবনে তিনি র‌্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। পরে মওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাপ গঠিত হলে প্রাদেশিক সাংগঠনিক কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ, বাঙালি জাতীয়তাবাদ ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বিশ্বাসী প্রগতিশীল লেখক। উপন্যাস রচনার মধ্য দিয়ে তার সাহিত্যিক জীবন শুরু হয়। তার প্রথম উপন্যাস ‘পরিত্যক্ত স্বামী’ প্রকাশিত হয় ১৯৪৭ সালে। উপন্যাসের পাশাপাশি তিনি গল্প, প্রবন্ধ, আত্মজীবনী, নাটক, ভ্রমণকাহিনী রচনা করেন। তার উল্লেখযোগ্য রচনা-উপন্যাস : ‘ভাওয়াল গড়ের উপাখ্যান’, ‘পদ্মা মেঘনা যমুনা’ ও ‘দেয়াল’ গল্পগ্রন্থ : ‘জীবন’ ও ‘রাজেন ঠাকুরের তীর্থযাত্রা’ প্রবন্ধ : ‘চিন্তার বিবর্তন’। তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ নানা পুরস্কার লাভ করেছেন। ১৯৮৮ সালের ২৪ আগস্ট তিনি মারা যান।