করোনাভাইরাসের কারণে সৌদি আরবের সব মসজিদে ১৫ মিনিটের ভেতর জুমার নামাজ আদায় করার নির্দেশনা দিয়েছে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সৌদির ধর্মবিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আল-শায়খ বলেন, ‘সৌদি আরবকে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে সুরক্ষা দিতে মন্ত্রণালয় কিছু অস্থায়ী নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। নামাজের সময়কে সংক্ষিপ্তকরণ করাও অস্থায়ী এই পদক্ষেপের অংশ।
জুমার নামাজের আজান, একামত ও নামাজের সময়ও নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়। জানা গেছে, জুমার নামাজের আজান দেওয়ার পর ১০ মিনিট অপেক্ষা করা হবে। এ সময় চলবে বয়ান ও খুতবা। আজানের ঠিক ১০ মিনিট পর জুমার নামাজের একামত দেওয়া হবে। একামতের পর নামাজ শুরু হলে বাকি ইবাদত নির্ধারিত সময়ের ভেতর তা সম্পন্ন করতে হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিসহ সৌদি আরবের সব মসজিদেই ১৫ মিনিটে জুমার নামাজ আদায়ের এ নির্দেশনা বলবৎ থাকবে।
ইমামদের উদ্দেশে এ নির্দেশনা সোমবার মন্ত্রণালয়ের টুইটার পেজে প্রকাশ করা হয়। টুইট বার্তায় সব মসজিদের ইমামদের এ সময়ের মধ্যে নামাজ আদায় সম্পন্ন করতে বলা হয়। কোনোভাবেই যেন এর বেশি সময় ব্যয় না হয়, সেদিকেও সতর্কতার সঙ্গে লক্ষ রাখতে বলা হয়েছে। এ ছাড়া নফল রোজা পালনকারীদের জন্য মসজিদে ইফতার সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।