আমি রাজনীতি বুঝি না

জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী আশনা হাবিব ভাবনা। ছোটপর্দায় ব্যস্ত থাকলেও দীর্ঘদিন পর নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

শেখ রেহানার চরিত্রে অভিনয় করছেন...

এখনো চূড়ান্ত হয়নি কিছুই। সিনেমাটির নাম ‘শেখ রাসেলের আর্তনাদ’। পরিচালনা করবেন সালমান হায়দার। তার সঙ্গে আমার আগে পরিচয় না থাকলেও তিনি আমার বাবার পরিচিত। সেই সূত্রে একদিন আমাকে সিনেমাটির কথা বলেন। তিনি আমাকে জানিয়েছেন, এটি একটি শিশুতোষ চলচ্চিত্র। শেখ রাসেলের চোখে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের ঘটনা দেখানো হবে। আমাকে শেখ রেহানা চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছেন। স্ক্রিপ্ট না পেলেও যখন শুনলাম এতে চিত্রনায়িকা মৌসুমী ও লাক্স তারকা অপর্ণা ঘোষ কাজ করছেন, তখন আমি একদিন সবার সঙ্গে দেখা করতে যাই। সেদিনই আমাদের একপ্রকার লুক সেট হয়। সেই ছবি দেখেই সবাই ভাবছেন, আমি সিনেমাটি করছি। আসলে আমারও কাজটি করার ইচ্ছা আছে। তবে তার আগে স্ক্রিপ্ট পছন্দ হতে হবে।

বঙ্গবন্ধুর বায়োপিকের জন্য অডিশন দিয়েছিলেন। সম্প্রতি অভিনয়শিল্পীদের তালিকা প্রকাশ হয়েছে। এ নিয়ে কিছু বলবেন?

অডিশনে প্রশংসা পেয়েও প্রাথমিক শিল্পী তালিকায় জায়গা না পেয়ে একটু হলেও কষ্ট পেয়েছি, এটি সত্যি। তরুণী রেণুর চরিত্রে আমাকে পছন্দ হওয়ায় পরিচালক শ্যাম বেনেগাল অভিনন্দনও জানিয়ে বলেছিলেন, ‘মোটা হতেও হবে না, শুকাতেও হবে না। আমরা একসঙ্গে কাজ করব।’ আমি নিশ্চিত ছিলাম চরিত্রটির জন্য তিনি আমাকে পছন্দ করেছিলেন। জানি না, শেষ পর্যন্ত কেন আমাকে রাখা হলো না। তবে এ নিয়ে খুব একটা চিন্তিত আমি নই। জাতির জনকের বায়োপিক হচ্ছে, সেটা যেন ভালো হয়, নাগরিক হিসেবে এটাই আমার প্রত্যাশা। তবে কাজ পাওয়ার জন্য কাউকে ফোন করতেও আমি রাজি নই। আর এই সিনেমাটি করতে চাওয়ার পেছনে তেমন কোনো কারণও নেই। আমি রাজনীতি বুঝি না। রাজনীতি করার কোনো ইচ্ছাও আমার নেই। এমনকি সরকারি সুবিধারও কোনো লোভ নেই। তাই যদি হতো তাহলে অনিমেষ আইচের মতো নির্মাতা কয়েকবার অনুদানের সিনেমার জন্য গল্প জমা দিয়েও মনোনয়ন পায়নি কেন?

নতুন কাজের খবর...

শিগগির নতুন একটি টেলিছবিতে কাজ শুরু করব। ‘সম্মান’ নামের ওই টেলিছবিতে আমার বিপরীতে দেখা যাবে শ্যামল মাওলাকে। এটি স্বাধীনতা দিবসে প্রচার হবে। পনির নামের এক তরুণ নির্মাতার এটাই প্রথম ফিকশন। সে আমার প্রথম সিনেমা ‘ভয়ঙ্কর সুন্দর’-এ কস্টিউম ডিজাইনের কাজ করেছিল। এই টেলিছবিটি একজন বীরাঙ্গনার মেয়ের গল্প নিয়ে। আশা করছি ভালো একটি কাজ হবে।

নতুন মডেলের গাড়ি কিনেছেন...

হ্যাঁ। অনিমেষের গাড়িটির অবস্থা একদম ভালো ছিল না। তাই আমরা একসঙ্গে টাকা জমিয়ে প্রায় ২৫ লাখ টাকায় কালো রঙের গাড়িটি কিনেছি। গাড়ির কিস্তি শোধ করতে হবে বলে এ বছর আর কোথাও ঘুরতে যাব না। যেহেতু আমাকে বেশিরভাগ সময় ঘরের বাইরে থাকতে হয়, সেহেতু আমার কাছেই গাড়িটি বেশিরভাগ সময় থাকবে। তবে দুজন পছন্দ করেই কিনেছি। মন তো বেঁধেছি। একসঙ্গে ঘর কিনে পরে ঘর বাঁধব।