করোনাভাইরাস: ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প

করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি জানায়, বুধবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি ইউরোপ থেকে আগামী ৩০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ স্থগিত করার ঘোষণা দেন।

তবে এই ‘কঠোর, কিন্তু প্রয়োজনীয়’ নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের জন্য কার্যকর হবে না উল্লেখ করে জানান, যদিও যুক্তরাজ্যে ৪৬০ জনের মধ্যে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ১ হাজার ১৩৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৩৮ জন মারা গেছে।

ট্রাম্প বলেন, ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের মতো ‘সতর্কতা নিতে ব্যর্থ হয়েছে’। সঙ্গে যোগ করেন, “আমাদের দেশের সীমানার মধ্যে নতুন ভাইরাস আক্রান্ত ব্যক্তি যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ করেছি।”

এ দিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর করোনাভাইরাস যে প্রভাব ফেলেছে তা নিয়ন্ত্রণে রাখতে ক্ষুদ্র আকারের ব্যবসাগুলোকে ঋণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বলছে, প্রাথমিকভাবে দেশটির সাধারণ নাগরিকদের জন্য সংক্রমণের ঝুঁকি কম। তবে চলতি মাসের শুরুতে বেশ কিছু আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। এরপর থেকেই ভাইরাস নিয়ন্ত্রণের উদ্দেশে পদক্ষেপ নেওয়া হচ্ছে।