বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে সতর্কতার অংশ হিসেবে কোয়ারেন্টিনে আছেন। ৩৫ বছর বয়সী পর্তুগিজ তারকা তার জন্মস্থানে আছেন বলে নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব জুভেন্তাস।
রোনালদোর ক্লাব জুভেন্তাসের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘বর্তমানে যে স্বাস্থ্যগত জরুরি অবস্থা চলছে তা বিবেচনায় এনে রোনালদো স্বেচ্ছায় মাদেইরায় অবস্থান করছেন।’
এর আগে বুধবার জুভেন্তাসে রোনালদোর সতীর্থ ডেনিয়েল রুগানির করোনাভাইরাস ধরা পড়ে। গত রবিবার ‘সিরি আ’য় দর্শকশূন্য মাঠে ইন্তার মিলানকে ২-০ গোলে হারায় জুভেন্তাস। সেই ম্যাচে রোনালদো ও রুগানি একই ড্রেসিং রুমে ছিলেন। রুগানি অবশ্য ওই ম্যাচে মাঠে নামেননি।
করোনাভাইরাসের প্রভাবের কারণে ইতালিতে ‘সিরি আ’ ফুটবলসহ সব ধরনের ক্রীড়া আয়োজনই স্থগিত করা হয়েছে এরই মধ্যে। জুভেন্তাস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পুরো দলই আগামী দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবে।
বুধবার দলটি শেষবার অনুশীলন করে। সেই অনুশীলনেও ছিলেন না রোনালাদো।
এদিকে করোনাভাইরাসের প্রভাবের কারণে ‘সিরি আ’র পর স্থগিত হয়েছে লা লিগাও। দুই সপ্তাহের জন্য স্থগিত হয়েছে স্পেনের সর্বোচ্চ পর্যায়ের এই ফুটবল আসর। রিয়াল মাদ্রিদ ক্লাব অনুশীলনসহ সব ধরনের কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করেছে।