চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন সারা বিশ্বে চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসজনিত রোগ কভিড-১৯কে মহামারী হিসেবে ঘোষণা দিয়েছে। বুধবার পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৮ হাজারের বেশি মানুষ। মারা গেছেন সাড়ে চার হাজারের বেশি। আক্রান্ত ও মারা যাওয়াদের মধ্যে বিভিন্ন দেশের সাধারণ মানুষের পাশাপাশি আছেন রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে থাকা মন্ত্রী-এমপিরা। আছেন নামি-দামি অভিনেতা-অভিনেত্রীরাও। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসটিতে অন্তত অর্ধশত মন্ত্রী, এমপি বা প্রভাবশালী ব্যক্তি আক্রান্ত হয়েছেন।
ডয়চে ভেলে বলছে, প্রভাবশালীদের মধ্যে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানে। দেশটির ৭ শতাংশ আইনপ্রণেতা প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। দেশটিতে সর্বশেষ পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যবিষয়ক মন্ত্রী আলি আসগর মুনসিন এবং শিল্প, খনিজ ও বাণিজ্যবিষয়ক মন্ত্রী রেজা রাহমানি আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে গত ২৭ ফেব্রুয়ারি প্রথম দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে সাবেক রাষ্ট্রদূত হাদি খোসরোশাহী মারা যান। এরপর মারা যান সংসদ সদস্য মোহাম্মদ আলি রামাজানি দস্তাক, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী ও নারী সাংসদ ফাতেমেহ রাহবার। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং কনজারভেটিভ এমপি নাদিন ডোরিয়াস। নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন তিনি। তার সঙ্গে দেখা করায় লেবার এমপি র্যাচেল মাস্কেলকেও কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রঁঙ্ক রিয়েস্তা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, কোয়ারেন্টাইনে তিনি ভালো আছেন। তিনি ছাড়াও আরও পাঁচ ফরাসি এমপির করোনা ধরা পড়েছে। তারা সবাই ‘আইসোলেশনে’ আছেন।
চীনের পর ইতালিতেই করোনার প্রকোপ সবচেয়ে বেশি। দেশটির ডেমোক্রেটিক পার্টির নেতা নিকোলা জিঙ্গারেত্তিও গত সপ্তাহ থেকে করোনার চিকিৎসা নিচ্ছেন। এদিকে গত সপ্তাহে ইতালি সফরের পর ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলিও কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনা সংক্রমিত একজনের সঙ্গে করমর্দন করায় যুক্তরাষ্ট্রের সিনেটর টেড ক্রুজ স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া রিপাবলিকান দলের পাঁচ এমপির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
হলিউড তারকা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এলভিস প্রিসলির জীবনীনির্ভর এক সিনেমার শ্যুটিংয়ের জন্য এই দম্পতি এখন আছেন অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে। আপাতত সেখানেই তাদের আইসোলেশনে থাকতে হবে।