মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীতে নেমে নিখোঁজ হয়েছে তাবলিগ জামাতে আসা মারুফ আহমদ (১৭)। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পায়নি ফায়ার সার্ভিস। জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের বাজার মসজিদে আসে তাবলিগ জামাতের একটি দল। গতকাল দুপুরে ওই দলের ৩ জন সাঁতার কেটে কুশিয়ারা নদীর মৌলভীবাজার অংশ থেকে ওপারের সিলেট অংশে পৌঁছানোর প্রতিযোগিতা শুরু করে তারা। সাঁতরে নদী পাড়ি দেওয়ার সময় অন্য দুজন পৌঁছাতে পারলেও মারুফ মধ্য পথে পানিতে তলিয়ে যায়।