করোনাভাইরাসের কারণে বাতিল করা হয়েছে ‘করোনা’ সম্মেলন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কাউন্সিল অন ফরেন রিলেশন্স (সিএফআর) আয়োজিত ‘ডুয়িং বিজনেস আন্ডার করোনাভাইরাস’ শিরোনামের সম্মেলনটি হওয়ার কথা ছিল গত শুক্রবার। করোনাভাইরাস মহামারীর আকার নেওয়ায় সম্মেলন বাতিল করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি নিয়ে কাজ করা অলাভজনক থিঙ্ক ট্যাঙ্কটির ওয়েবসাইটে জানানো হয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, গত ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠানসূচিতে থাকা সব সম্মেলন বাতিল করেছে সিএফআর। অনুষ্ঠান বাতিলের তালিকায় সিএফআরের সঙ্গে রয়েছে আরও অনেক প্রতিষ্ঠান। দ্য গ্রেটার নিউইয়র্ক অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন গত মঙ্গলবার বার্ষিক নিউইয়র্ক অটো শোয়ের সময়সূচি পিছিয়ে আগস্টে আয়োজনের ঘোষণা দিয়েছে। বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকও বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘এফ ৮’ বাতিলের ঘোষণা দিয়েছে। ‘এফ ৮’ ওয়েবসাইটে এক পোস্টে সম্প্রতি বলা হয়েছে, ডেভেলপার সহযোগী, কর্মী ও এফ ৮ সংশ্লিষ্টদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এ বছরের এফ ৮ সম্মেলন বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয়েছে। মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘এফ ৮’ সম্মেলন।