ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, জনগণ ক্ষমতাসীন অগণতান্ত্রিক সরকারের পরিবর্তন চায়। রাষ্ট্র ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রহণযোগ্যতা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে। গতকাল বৃহস্পতিবার ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে থেকে প্রচার শুরুর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শেখ রবি আরও বলেন, ‘জনগণ ভোট দিতে চায়। তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি তাদের অধিকার আদায়ে সোচ্চার হব, সজাগ থাকব।’ পরে দক্ষিণ সিটির ১৫ ও ১৮ নম্বর ওয়ার্ডে রবির পক্ষে নির্বাচনী গণসংযোগ চালান বিএনপি নেতারা। এ সময় জনগণের মধ্যে করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করেন তারা। রবির পক্ষে গতকাল প্রথমবারের মতো গণসংযোগে নেমে বিএনপি স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘করোনাভাইরাস এদেশে আগেই এসেছে। কিন্তু সরকার তাদের একটি অনুষ্ঠান সফল করার জন্য এটি গোপন করেছিল।’