নিখোঁজের ১৭ দিন পর কিশোরীর অর্ধ-গলিত লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের ১৭ দিন পর কেয়া খাতুন (১৬) নামের এক কিশোরীর অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার দাদপুর গ্রামের মাঠের কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কেয়া খাতুন ওই উপজেলার ত্রিলোচনপুর গ্রামের আব্দুস সামাদের মেয়ে ও বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, দাদপুর গ্রামের রাস্তার পাশে কলাবাগানে অর্ধ-গলিত কেয়ার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে কেয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, গত ৪ মাস আগে উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মনছুর মালিথার ছেলে সাবজেল হোসেনের সঙ্গে কেয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে কেয়া তার বাবার বাড়িতেই থাকতেন।

গত ২৬ ফেব্রুয়ারি রাতে কেয়া বাড়ি থেকে তিনি নিখোঁজ হয়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে জানাতে পারেনি পুলিশ।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওই কর্মকর্তা।