নিখোঁজ সাংবাদিক কাজলের সন্ধান চায় পরিবার

নিখোঁজ ফটোসাংবাদিক ও ‘পক্ষকাল’ ম্যাগাজিনের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত চায় তার পরিবার। গতকাল শুক্রবার দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তার ছেলে মনোরম পলক।

তিনি বলেন, ‘আনুমানিক ৫০ বছর বয়সী আমার বাবা শফিকুল ইলাম কাজল গত বুধবার দুপুর ৩টায় বাসা থেকে বের হন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। বাবার সঙ্গে তার এক সহকর্মী মুজাহিদের বাবার দেখা হয় সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাতিরপুল বাজারে। আমরা বুধবার রাত ১১টা পর্যন্ত অপেক্ষার পরও যখন তিনি বাসায় ফেরেননি, তখন আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। ওই সময় থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন নম্বরও বন্ধ পাই।’

কাজলের ছেলে বলেন, ‘আমাদের জানা মতে, বাবাকে কেউ কখনো হুমকি দেয়নি। কিন্তু তিনি কী কারণে এখনো নিখোঁজ বুঝতে পারছি না। তিনি আমাদের ছাড়া রাতে কখনো কোথাও থাকেননি।’

বাবাকে খুঁজে না পেয়ে ১১ মার্চ বিকেলে চকবাজার থানায় সাধারণ ডায়েরির কথা জানান পলক। পলক ফেইসবুক পোস্টে করেন, ‘হাসপাতাল, থানা, র‌্যাবসহ বিভিন্ন সংস্থার দপ্তরে খোঁজ নিয়েও তার বাবার কোনো সন্ধান পাননি।’

এদিকে নিখোঁজ সাংবাদিকের স্ত্রী জুলিয়া ফেরদৌসী দেশ রূপান্তরকে বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমার স্বামীকে যেন সুস্থ অবস্থায় ফেরত দেওয়া হয়। বর্তমান প্রযুক্তির যুগে তাকে খুঁজে বের করা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো বিষয় নয়।’