আখাউড়ায় বিদেশফেরত ৫জন হোম কোয়ারেন্টাইনে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পাঁচ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে একজন নারী ও ৪জন পুরুষ। তিনজন উপজেলার ধরখার ইউনিয়নের বাসিন্দা। বাকিরা উপজেলার অন্য এলাকার।

ধরখার ইউনিয়নের ৩ যুবক গত ১২ মার্চ ইতালি থেকে দেশে ফিরেন। যাতে আতঙ্ক না ছড়ায় সেজন্য তাদের নাম-পরিচয় জানাতে চাননি স্বাস্থ্য কর্মকর্তা।

জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এদের সবাইকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়। তবে তাদের মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ বা উপসর্গ নেই। তারা সুস্থ আছেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান জানান, আখাউড়া উপজেলায় ৫জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তারা সম্প্রতি ইতালি, দুবাই ও সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। এর বেশি বলতে রাজি নন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম জানান, তাদের মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ বা উপসর্গ নেই। তারা সুস্থ আছেন। আমরা তাদেরকে ১৪ দিন পর্যবেক্ষণে রাখব।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা বলেন, করোনা সাসপেক্ট কয়েকজনের খবর পেয়ে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে খোঁজখবর নিয়েছি। তারা ভালো আছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।