প্রাণঘাতী করোনায় জর্জরিত গোটা বিশ্ব। তাতে এলোমেলো বিশ্ব ক্রীড়াসূচি। করোনায় সাহস না হারাতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। দৃঢ়তার সঙ্গে এই ভাইরাসের সঙ্গে লড়ে যাওয়ার পরামর্শ তার।
দিন যাচ্ছে, করোনাভাইরাসের ছড়িয়ে যাওয়ার পরিস্থিতি তত খারাপের দিকে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসকে মহামারির পর্যায়ের বলে ঘোষণা দিয়েছে। করোনাভাইরাসের কারণে থেমে যাওয়ার উপক্রম ক্রীড়া বিশ্ব। পিছিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মুখে ভক্ত-সমর্থকদের উদ্দেশে সাহসী টুইট করলেন কোহলি। তাতে ভারতের অধিনায়ক লিখেছেন- “দৃঢ় থাকুন। সকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে কোভিড-১৯ এর ছড়িয়ে পড়ার সঙ্গে লড়াই করুণ। নিরাপদে থাকুন। সজাগ থাকুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রাখুন যে, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। সবাই নিজের যত্ন নিন।”
করোনাভাইরাসের কারণে অতিথি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের চলতি ওয়ানডে সিরিজও স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। ২৯ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত।
ব্যতিক্রম ছাড়া ১৫ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ভিসার ওপরও কড়াকড়ি আরোপ করেছে ভারত।