প্রেমিকসহ থানায় হাজির পালিয়ে যাওয়া স্কুলছাত্রী

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া নবম শ্রেণির স্কুলছাত্রী স্বেচ্ছায় থানায় এসে হাজির হয়েছেন।

শনিবার কেন্দুয়া থানায় উপস্থিত সাংবাদিকদের ওই স্কুলছাত্রী জানান, তাকে কেউ অপহরণ করেনি। সে ওই ছেলেকে ভালোবাসে এবং তাই তারা পালিয়ে গিয়েছিল।

জানা যায়, গত ১ ফেব্রুয়ারি প্রেমিক যুগল বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ছাত্রীর নানা থানায় অপহরণের অভিযোগ করলে পুলিশ গত বৃহস্পতিবার ছেলের বড় ভাইকে আটক করে। খবর পেয়ে পালিয়ে যাওয়া ছেলে-মেয়ে স্বেচ্ছায় শুক্রবার কেন্দুয়া থানায় হাজির হয়।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, মেয়ের নানা গত বৃহস্পতিবার অভিযোগ করেছিল। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

তদন্ত কর্মকর্তা এসআই মোতালেব শনিবার জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।