শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার বিঝারি ইউনিয়নের কান্দিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে নড়িয়া থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছাত্রীটি স্থানীয় একটি কলেজের ডিগ্রির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শুক্রবার সকাল ১০টার দিকে শরীয়তপুর সরকারি কলেজে বড় বোনের একটি মিটিংয়ে যোগ দিতে আসেন ওই ছাত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে মিটিং শেষে অটোরিকশায় করে পালং উত্তর বাজার দিয়ে কানার বাজার যান তিনি। সেখান থেকে নিজ এলাকা নড়িয়া কাপাশপাড়া যাওয়ার জন্য আবার অটোরিকশার জন্য অপেক্ষা করেন তিনি। অটোরিকশা না পেয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকেন তিনি। কান্দিগাঁও এলাকায় পৌঁছালে ফাঁকা সড়কে ওই এলাকার জয়নাল মোল্লার ছেলে শৃঙ্খল মোল্লা (২৫) তাকে জোর করে নিপু খাঁর মাছের প্রজেক্টে নিয়ে যায়। সেখানে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে শৃঙ্খলের তিন বন্ধু কালু শিকদারের ছেলে হৃদয় শিকদার (২৫), আলমগীর মোল্লার ছেলে মুরাদ মোল্লা (২২) ও কাশেম সরদারের ছেলে আরিফ সরদার (২৩) মুখ চেপে পালাক্রমে ধর্ষণ করে। কলেজছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। তাৎক্ষণিকভাবে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. লিমিয়া সাদিয়া বলেন, ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট সম্পূর্ণ হলে বলা যাবে তার সঙ্গে কি হয়েছিল।
নড়িয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর বড় ভাই বাদী হয়ে থানায় মামলা করেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।