টুঙ্গিপাড়ায় কলেজছাত্র এক তরুণকে (২০) ‘চোর’ অপবাদ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শুক্রবার রাত ১২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে নিজাম সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই কলেজছাত্র আসন্ন এইচএসসি পরীক্ষার্থী।
টুঙ্গিপাড়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান সুশেন সেন ফোনে জানান তার এলাকায় চোর ধরা পড়েছে। গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। আহত কলেজছাত্র পার্শ্ববর্তী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাসিন্দা।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এয়ার আলী মুন্সী বলেন, তার শরীর ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় শনিবার দুপুরে আমরা তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে রেফার করি।
এদিকে, এলাকাবাসী ঘটনার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র থেকে জানা যায়, এটি কোনোভাবেই চুরির ঘটনা নয়। এটি প্রেমঘটিত একটি বিষয়। মেয়ের অভিভাবকরা নিজেদের সম্মান বাঁচাতে ‘চোরের নাটক’ সাজিয়েছে।
বাড়ির মালিক গোপালপুর গ্রামের নিজাম সিকদারের সঙ্গে কথা হলে তিনি ওই তরুণকে মারধরের বিষয়টি অস্বীকার করে জানান, ওই তরুণসহ আরও কয়েকজন তার বাড়িতে চুরি করতে এসেছিল। তিনি ওই যুবককে ধরে ফেলেন। এ সময় ধস্তাধস্তিতে ছেলেটি আহত হয়।
কলেজছাত্রের মামা মোবাইল ফোনে জানান, তার ভাগ্নে পিরোজপুরের আমানুল্লাহ কলেজ থেকে আসন্ন এইচএসসি পরীক্ষার্থী। সে চোর না। তার নামে বদনাম দিয়ে তাকে মারধরের ঘটনা হালাল করার চেষ্টা হচ্ছে।
টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম বলেন, চোর সন্দেহে এভাবে কাউকে গুরুতর আহত করা যাবে না। এ বিষয়ে ওই কলেজছাত্রের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।