ত্বকের নানা সমস্যায় দামি ব্র্যান্ডের লোশন, ক্রিম বা প্রাকৃতিক অনেক জিনিসই ব্যবহার করা হয়। তবে সব জিনিসই যে ত্বকের জন্য ভালো, মোটেও এমন নয়। কিছু জিনিসের প্রয়োগ কখনোই ত্বকের জন্য ভালো নয়। যেমন
লেবুর রস : হাতে বানানো ফেসপ্যাকে লেবুর রস ব্যবহারে মুখের কালো দাগ দূর হয়, ত্বকে উজ্জ¦লতা আসে। এভাবে লেবুর রস ব্যবহার করলে ত্বকের সমস্যা নেই। তবে সরাসরি কখনোই মুখের ত্বকে লাগানো যাবে না। কারণ লেবুর রসে এসিড থাকে, যা ত্বকে সরাসরি লাগালে পুড়ে যেতে পারে।
গরম পানি : শীত ছাড়াও পুরো বছর অনেকেই গরম পানিতে গোসল করেন। কিন্তু গরম পানি দিয়ে মুখ ধুলে ত্বক ভীষণ শুষ্ক হয়ে যায়।
টুথপেস্ট : চটজলদি ব্রণ সারাতে অথবা পুড়ে গেলে অনেকেই সহজ সমাধান হিসেবে টুথপেস্ট ব্যবহার করেন। এই পন্থায় ত্বকে মেলানিন বেশি তৈরি হয়ে জায়গাটি কালো হয়ে যেতে পারে।
ওয়াক্স : হাত-পায়ের লোম তুলতে ওয়াক্স ব্যবহার করা হলেও মুখের ত্বক কোমল হওয়ায় এই উপায় অবলম্বন করা উচিত নয় কখনোই।
মেয়াদ শেষ হওয়া পণ্য : খেয়াল না করে মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট ব্যবহার করা উচিত নয় কখনোই। এতে মুখের ত্বকের ক্ষতি তো বটেই, দাগও বসে যেতে পারে।
বডি লোশন : বডি লোশন সাধারণত শরীরের জন্যই তৈরি করা হয়। মুখের ত্বক শরীরের অন্যান্য ত্বকের তুলনায় পাতলা ও সংবেদনশীল হওয়ায় বডি লোশন ব্যবহারে ত্বকে ব্রণ হতে পারে।
হেয়ার স্প্রে বা বডি স্প্রে : অনেকে মুখে মেকআপ সেট করতে ঘাম নিরোধক বডি স্প্রে এমনকি হেয়ার স্প্রে ব্যবহার করেন। কিন্তু এতে প্রচুর অ্যালকোহল থাকে, যা ত্বককে রুক্ষ ও শুষ্ক করে ফেলে।