এক ঝলকে

অ্যাডভেঞ্চার অব সুন্দরবনে তানভীর

লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ গল্প থেকে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা। আবু রায়হান জুয়েলের পরিচালনায় এতে আবারও জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পরীমনি। তাদের সঙ্গে আরও অভিনয় করবেন ‘গহীন বালুচর’খ্যাত অভিনেতা আবু হুরায়রা তানভীর। গতকাল থেকে শুরু হয়েছে ছবিটির শ্যুটিং। বেশিরভাগ শ্যুট হবে লঞ্চে। ঢাকা থেকে সুন্দরবন যাত্রাপথে শ্যুটিং চলবে টানা ২০ দিন। তানভীর আগামী ১৬ তারিখ খুলনা থেকে এই সিনেমার শ্যুটিংয়ে অংশ নেবেন।

তানভীর বলেন, ‘‘এই ছবিটির বিষয়ে আমার সঙ্গে কথা হয়েছিল প্রায় বছরখানেক আগে। তবে চূড়ান্ত হয়নি। এজন্য এটা নিয়ে কারও সঙ্গে আলাপও হয়নি। অবশেষে ছবিটি করতে পারায় আনন্দ হচ্ছে। খুব ভালো একটা টিম এই ছবির। সিয়াম ও পরীমনির মতো চমৎকার দুজন শিল্পীকে পাব। আর প্রিয় জাফর ইকবাল স্যারের গল্প। আশা করছি জমজমাট একটি সিনেমাই হবে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।’’ তিনি আরও বলেন, ‘আমাকে যখন বলা হয়েছে এটা জাফর ইকবাল স্যারের গল্পে নির্মিত হবে তখনই একটু চমকে উঠেছিলাম। তার গল্পে কাজ করব, এটা সত্যি আমার জন্য খুবই আনন্দের। এখানে আমাকে দেখা যাবে শামস নামের একটি ইন্টারেস্টিং চরিত্রে। এই চরিত্রটার প্রতিটা মুহূর্তই খুব মজার।’

তানভীর এরই মধ্যে শেষ করেছেন মীর সাব্বিরের সরকারি অনুদানপ্রাপ্ত ‘রাত জাগা ফুল’ সিনেমার কাজ। এছাড়া কাজ করেছেন সৈকত নাসির পরিচালিত ‘আকবর’ সিনেমায়।

রাভিনা বনাম কারিশমা

নব্বই দশকের বলিউডের প্রথম সারির অভিনেত্রী কারিশমা কাপুর ও রাভিনা ট্যান্ডন। একই ছবিতে অভিনয় করেছিলেন দুজনে। ছবির নাম ছিল ‘আন্দাজ আপনা আপনা’। কিন্তু সেই ছবিতে একসঙ্গে অভিনয় করলেও দুই নায়িকার মধ্যে বাক্যালাপ ছিল না। এমনকি দুজনের মধ্যে ঠা-াযুদ্ধ চলত সে সময়ে। ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি এমনই জানিয়েছেন রাভিনা। এছাড়া কারিশমা সম্পর্কে মন্তব্যও করেছেন তিনি। রাভিনা সাক্ষাৎকারে বলেছেন, ‘কারিশমা নিজে নিরাপত্তাহীনতায় ভুগত বলে আমাকে চারটি ছবি থেকে বাদ দিয়েছিল। আমি তার সঙ্গে একটি ছবিও করেছিলাম। সে সময় দেখেছি, তার সঙ্গে প্রযোজক আর নায়কের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এগুলো বলিউডে হয়েই থাকে। কিন্তু এই ধরনের খেলায় আমি জড়াইনি।’

রাবিনা ও কারিশমা দুজনেই সে সময়ে অজয় দেবগনকে পছন্দ করতেন। দুজনের মধ্যে দূরত্বের সবচেয়ে বড় কারণ নাকি এটিই ছিল। কারিশমার সঙ্গে বেশ কিছুদিন সম্পর্কে জড়িয়ে ছিলেন অজয় দেবগন। সে সময় ‘এক হি রাস্তা’, ‘দিলওয়ালে’ ও ‘গ্যায়ের’ ছবিতে অভিনয় করেছিলেন অজয় ও রাভিনা। তাদের জুটি পছন্দ করেছিল দর্শক। আর তাই নাকি এরপরে একসঙ্গে কোনো ছবিতে রাভিনার সঙ্গে অজয়কে জুটি বাঁধতে দেননি কারিশমাÑ এমনটিই জানিয়েছেন রাভিনা।

রণবীর প্রতারক : দীপিকা

একসময়ে সম্পর্কের নানা টানাপড়েনের মধ্য দিয়ে গেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। বিয়ে হওয়ার কথাও ছিল। তবে সেই সম্পর্ক টিকেছিল ছয় বছর। সেই সম্পর্ক ভাঙার বহু পরে এখন মুখ খুলেছেন এই বলিউড অভিনেত্রী। এক সাক্ষাৎকারে যৌনজীবনসহ ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেছেন তিনি। অতীত সম্পর্কের তিক্ততা নিয়েও কথা বলেছেন তিনি। তবে কারও নাম উল্লেখ করেননি। যদিও বুঝতে বাকি নেই, রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের কথাই বলতে চেয়েছেন এই অভিনেত্রী। দীপিকা বলেন, ‘আমি অতীতে কষ্ট পেয়েছি। আমার আশপাশের সবাই সতর্ক করেছিল কিন্তু তারপরও আমি তাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছিলাম। কারণ সে আমার কাছে হাত জোড় করে সুযোগ চেয়েছিল। তারপর তাকে হাতে-নাতে ধরে ফেলি। তাকে ভুলতে একটু সময় লেগেছে। কিন্তু কষ্ট কাটিয়ে ওঠার পর আর ফিরে তাকাতে হয়নি। এটি এখন অতীত।’ তিনি আরও বলেন, ‘প্রথমবার সে যখন প্রতারণা করে আমি ভেবেছিলাম এই সম্পর্কে আমার দিক থেকেই কোনো ভুল ছিল। কিন্তু যখন এটি কারও অভ্যাসে পরিণত হয় বুঝতে বাকি থাকে না সমস্যাটা মূলত কার। সম্পর্কের জন্য আমি অনেক কিছু করেছি কিন্তু বিনিময়ে প্রত্যাশা রাখিনি। বিশ্বাসঘাতকতা সম্পর্ক ভাঙার মূল কারণ। যখন কোনো সম্পর্কে এটি দেখা দেয়, তখন সম্মান, বিশ্বাস চলে যায়।’