রাজধানীর কদমতলী এলাকার একটি ঝোপ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রাতেই মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মরদেহের সুরতহাল প্রতিবেদনে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন উল্লেখ করেন, শুক্রবার রাতে পাগলায় ওয়াসার চার পুকুরের মাঝখানের রাস্তার পাশের একটি ঝোপ থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহটি পচে ফুলে গেছে। প্রতিবেদনে তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তার পরনে ছিল কালো প্যান্ট ও নীল গেঞ্জি।