করোনা আতঙ্কের মাঝেই শুরু হলো ডিপিএল ক্রিকেট

নভেল করোনাভাইরাসের কারণে বিশ্ব জুড়ে খেলাধুলা থমকে গেলেও আতঙ্ক নিয়েই শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের লিগের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ডিপিএল’।

বারোটি দলের এই প্রতিযোগিতার উদ্বোধনীর দিন রোববার মাঠে নেমেছে ছয় দল। সকাল ৯টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।

এছাড়া বিকেএসপির ৪ নম্বর মাঠে লড়ছে গত আসরের ফাইনালিস্ট লিজেন্ডস অব রুপগঞ্জ লড়ছে ওল্ড ডিওএইচএস’র সঙ্গে। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে প্রাইম দোলেশ্বর ও ব্রাদার্স ইউনিয়ন।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

লিগ শুরুর আগের দিন করোনাভাইরাস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডিপিএল’র দল প্রাইম ব্যাংক ও জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম বলেন, “দুর্ভাবনার অনেক কিছুই আছে। বিশ্বজুড়েই ক্রীড়া ইভেন্ট সব বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এখানে যারা আছেন, চিন্তা করছেন, আমি নিশ্চিত- সঠিক মানুষদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিচ্ছেন। আমাদের আপাতত বলা হয়েছে খেলার জন্য। আমরা খেলতে প্রস্তুত। পরবর্তী সময়ে কোনো সিদ্ধান্ত এলে সেভাবেই কাজ করব।”

করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জনসমাগম ঠেকাতে মাঠে দর্শক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি খেলোয়াড়-সতীর্থদের করমর্দনেও নিষেধাজ্ঞা দিয়েছে বোর্ড। প্রত্যকটি ভেন্যুতেই ম্যাচ চলাকালীন থাকবে মেডিকেল স্টাফ।