‘বিতর্কিত ও ছাত্রসেনার নেতা’ আখ্যায়িত করে সদ্য ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। সভায় তাকে এলাকায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের একাংশের নেতারা।
এ সময় তারা সদ্য ঘোষিত দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিতে তৃণমূল ছাত্রলীগ নেতাকর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে জামায়াত শিবির, অছাত্র, বিতর্কিত, ব্যবসায়ী ও হাইব্রিডদের স্থান করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন।
এর আগে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতারা।
এ সময় বোরহানের বিরুদ্ধে নানা স্লোগান দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এদিকে, গত ৪ মার্চ ২৭৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
কমিটি ঘোষণা হওয়ার পরপরই খোদ এই কমিটিতে পদ পাওয়া একাধিক ছাত্রলীগ নেতা ঘোষিত নতুন এই কমিটি নিয়ে নানা অভিযোগ তোলেন।
তাদের অভিযোগ, তৃণমূল ছাত্রলীগ নেতাদের বাদ দিয়ে নতুন কমিটির সভাপতি এসএম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের ‘টাকার বিনিময়ে’ অনেক শিবির নেতা, নাশকতা মামলার আসামি, অছাত্র, ব্যবসায়ী ও বিতর্কিতদের কমিটিতে ঠাঁই করে দিয়েছেন।
এতে বিভিন্ন উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করে। এই বিষয়ে কমিটি ঘোষণা হওয়ার পরদিন দেশ রূপান্তরসহ আরও একাধিক গণমাধ্যমে কমিটির বিরুদ্ধে নানা সংবাদ ছাপানো হয়।
পরবর্তীতে শনিবার সভাপতি এসএম বোরহান উদ্দিনের নিজ উপজেলা বোয়ালখালীতেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ প্রসঙ্গে বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল করিম দেশ রূপান্তরকে বলেন, ‘ছাত্রসেনা থেকে এসে ছাত্রলীগ নেতা হয়েছেন এসএম বোরহান উদ্দিন। যিনি দক্ষিণ জেলা কমিটিতে উপজেলার তৃণমূল ছাত্রলীগ নেতাকর্মীদের বাদ দিয়ে বিপুল অঙ্কের টাকা নিয়ে বিতর্কিত, অছাত্র, শিবির, ব্যবসায়ী ও হাইব্রিড নেতাদের পদ পাইয়ে দিয়েছেন। এ ছাড়া বোয়ালখালী উপজেলা কমিটি বিলুপ্ত করা নিয়ে নানা তাল বাহানা করেছে। তাই তার বিরুদ্ধে উপজেলার প্রত্যেক ইউনিয়নের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছি। এতে নেতাকর্মীরা তাকে (বোরহান উদ্দিন) অবাঞ্ছিত ঘোষণা করেছে।’
পাশাপাশি নতুন কমিটিতে বিতর্কিতদের বাদ দিয়ে প্রকৃত ছাত্রলীগ নেতাকর্মীদের স্থান করে দেওয়ার আহ্বান জানান এ ছাত্রলীগ নেতা।
প্রতিবাদ সভায় বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপসম্পাদক মো. মহিউদ্দিন, প্রচার বিষয়ক উপসম্পাদক মো. তৌহিদ ও ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, উপজেলা ছাত্রলীগ নেতা আসাদ তালুকদার, পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি কুতুব উদ্দিন বাবর, খন্দকার আমিনুল ইসলাম প্রমুখ।
অভিযোগ প্রসঙ্গে এস এম বোরহান উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ মেয়াদোত্তীর্ণ। তাদের কমিটির মেয়াদ এখন সাড়ে ৫ বছর হয়েছে। তাই তাদের কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়ায় এখন আমার বিরুদ্ধে লেগেছে। অথচ আগে তারাই আমাকে নিয়ে সভা-সমাবেশ করছে।’
এ সময় তিনি কখনো ছাত্রসেনার রাজনীতি করেননি বলেও জানান।