পরীক্ষা দিয়েই ‘রানি রাসমণি’র শুটিংয়ে ছুট

উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন কলকাতার সিরিয়াল ‘রানি রাসমণি’র প্রধান অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অবশ্য এর জন্য শুটিং থেকে টানা ছুটি পাননি। পরীক্ষা শেষ করেই যেতে হচ্ছে স্টুডিওতে।

তিনি জানান, পরীক্ষা শেষ হয় দুপুর দেড়টায়। আর তারপরেই বাড়ি ফিরে মায়ের হাতের মাছের ঝোল-ভাত খেয়েই সোজা ইন্দ্রপুরী স্টুডিওর শুটিং ফ্লোরে হাজির হন।

দিতিপ্রিয়ার মা সুদীপ্তা বলেন, ‘‘আমাকে সব সময় চাপে রাখতে হয়। ছোটবেলা থেকেই টাইম ম্যানেজমেন্ট শিখিয়েছি। চৌদ্দ বছর এভাবেই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিল ও। তবে পরীক্ষা চলছে তো, তাই বাইরের কোনো খাবারই খাচ্ছে না ও, এমনকি চকলেটও নয়।’’

মাধ্যমিকে ইংরেজিতে লেটার মার্কস পেয়েছিলেন দিতিপ্রিয়া। মা জানালেন, ভবিষ্যতে এই অভিনেত্রী সোসিওলজি নিয়ে পড়তে চান।

উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকলে আর সবাই যখন বইয়ে মুখ গুঁজে পড়ে থাকে, সেখানে দিতিপ্রিয়া নিঃসন্দেহে এক বিরল দৃষ্টান্ত। সুদীপ্তা বলেন, ‘‘শুটিং আর পড়াশোনা ওর জীবনে একে অন্যের পরিপূরক। কোনো একটা নিয়ে ও পড়ে থাকে না।’’

দিতিপ্রিয়া জানিয়েছে, ইতিমধ্যে দেওয়া পরীক্ষা বেশ ভালো হয়েছে।