সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৪ মাদ্রাসা ছাত্র নিহত

বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এর মধ্যে আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং নিহতদের এ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতরা হলেন- ইয়াসিন আলী (২৩), ইলিয়াস হোসেন (২২), খালেদ হাসান (২১) ও ইমরান হোসেন (১৪)। এরা সবাই ঢাকার তেজগাঁও উত্তর বেগুনবাড়ি ইসলামী মাদ্রাসার ছাত্র।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি শহিদ আলম জানান, নাটোরের মা এশায়ে খাদিজাতুল মহিলা মাদ্রাসার ইসলামী জলসা শেষে মাদ্রাসার ছাত্ররা ঢাকাগামী একটি বাসে আসছিলেন। রবিবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়িতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ মাদ্রাসা ছাত্র নিহত ও ১২ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নিহতদের মর্গে ও আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ছাড়া ইমরান হোসেন নামের এক আহত ছাত্রকে ঢাকায় পাঠায়। পরে ইমরানসহ ২ জন মারা যায় বলে সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আরএমও ডা. ফরিদুল ইসলাম ও মাদ্রাসার শিক্ষকরা নিশ্চিত করেছেন।