তাইবুরের অপরাজিত সেঞ্চুরি, জুনায়েদের ৩ রানের আক্ষেপ

ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে সেঞ্চুরি হয়েছে দুটি। মিরপুরে আবাহনী লিমিডেটের হয়ে মুশফিকুর রহিম সেঞ্চুরি হাঁকান। ফতুল্লায় অন্য ম্যাচে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রাইম দোলেশ্বরের তাইবুর রহমান। প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়নের জুনায়েদ সিদ্দিকিও হাঁটছিলেন সেই পথে। তবে জাতীয় দলের সাবেক এই ওপেনারকে ৩ রানের আক্ষেপে পুড়তে হয়েছে।

বিকেএসপিতে ওল্ড ডিওএইচএস ও লিজেন্ডস অব রূপগঞ্জের মধ্যকার ম্যাচে কোনো সেঞ্চুরি হয়নি।

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আবাহনীর জয়ে মুশফিক খেলেন ১২৭ রানের ইনিংস। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি তার ১২তম সেঞ্চুরি। তার ১২৪ বলের ইনিংসটিতে ছিল ১১ চার ও ৪ ছক্কা। মুশফিকের দল জয় তুলে নেয় ৮১ রানে।

ফতুল্লায় তাইবুর ৯৪ বলে ৭ চার ও ৫ ছক্কায় খেলেন অপরাজিত ১১০ রানের ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে তাইবুরের এটি দ্বিতীয় শতক। তাইবুরের ব্যাটে ভর করে আগে ব্যাট করে প্রাইম দোলেশ্বর ৭ উইকেটে ২৩৮ রানের পুঁজি গড়ে। জবাবে ব্রাদার্স ৪৯.৪ ওভারে থামে ২৩০ রানে।

দলটির হয়ে আশা দেখাচ্ছিলেন ওপেনার জুনায়েদ। ৯৭ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলে ব্রাদার্সকে পরাজয় মানতে হয়। জুনায়েদ একই সঙ্গে দলের পরাজয় ও সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপে পোড়েন। ১২৫ বলে ৪ চারে নিজের ইনিংস সাজান জুনায়েদ।

বিকেএসপিতে দিনের অন্য ম্যাচটিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে ২৫ রানে হারিয়েছে ওল্ড ডিওএইচএস।