সাভারে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ

সাভারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশের ভাষ্য, এ ঘটনায় গত শনিবার রাতে মামলা হওয়ার পর অভিযুক্ত শহিদুল্লাহ প্রধানকে (৬৫) গ্রেপ্তার করা হয়।

পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার ধর্ষণের শিকার ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। আটক শহিদুল্লাহ সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার প্রয়াত দানু প্রধানের ছেলে।

ধর্ষণের শিকার ওই নারী দেশ রূপান্তরকে জানান, সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় ভাড়া বাসায় থেকে একটি বেসরকারি ক্লিনিকে মার্কেটিং বিভাগে কাজ করেন তিনি। চাকরির সুবাদে দুই মাস আগে শহীদুল্লাহ প্রধানের সঙ্গে পরিচয় হয় তার।

এরপর থেকে বিভিন্ন সময় ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিলেন শহিদুল্লাহ। একপর্যায়ে শনিবার সকালে বিয়ের কথা বলে ওই নারীকে মজিদপুর এলাকার একটি বাড়িতে ডেকে নিয়ে সেখানকার একটি কক্ষে আটকে রেখে তাকে ধর্ষণ করেন তিনি।

সাভার মডেল থানার এসআই মাহবুবুল হক রনি দেশ রূপান্তরকে জানান, শনিবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে শহিদুল্লাহকে আসামি করে থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত শহিদুল্লাহকে গ্রেপ্তার করা হয়।