করোনা মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান: ভিডিও কনফারেন্সে সার্কের নেতারা

করোনাভাইরাস মোকাবিলায় সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণ করতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন সার্কভুক্ত আটটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।

বৈশ্বিকভাবে কভিড-১৯ মহামারি পর্যায়ে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে রোববার বিকেল সাড়ে পাঁচটায় এই ভিডিও কনফারেন্স শুরু হয়।

করোনার আতঙ্ক কাটিয়ে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোকে সম্মিলিতভাবে রোগ প্রতিরোধ করতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার বার্তা দেন মোদি।

সার্কের নেতাদের তিনি বলেন, ‘ভয় পাবেন না, রোগ মোকাবিলায় প্রস্তুত থাকুন।’ সেই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)  ‘বৈশ্বিক মহামারি পর্যায়’ হিসেবে ঘোষণা দেওয়া ওই রোগ ঠেকাতে ভারত কী কী ব্যবস্থা নিচ্ছে সেটিও তুলে ধরেন তিনি।

করোনা প্রতিরোধে সার্কের দেশগুলোকে একটি জরুরি তহবিল গড়ার প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এ জন্য তিনি সাড়ে ৭৩ কোটি রুপির বেশি অনুদান দিতে চান তিনি।

মোদি বলেন, ‘আমরা একটি র‌্যাপিড রেসপন্স টিম তৈরি করছি। তাতে চিকিৎসক, বিশেষজ্ঞরা থাকবেন। থাকবে পরীক্ষার কিট, ওষুধপত্র এবং অন্যান্য সরঞ্জামও। আপনাদের প্রয়োজন পড়লে তাদের পাঠানো হবে।’ এ নিয়ে অনলাইন প্রশিক্ষণের প্রস্তাবও দিয়েছেন তিনি। সকলে এক জোট হয়ে ভবিষ্যতের লক্ষে গবেষণা চালানোর প্রস্তাবও দেন মোদি।  তার ভাষ্য, ‘এটাই প্রথম বা এটাই শেষ মহামারি নয়।’

ভিডিও কনফারেন্সে মোদীর সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবে রাজাপাকসে, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য উপদেষ্টা জাফর মির্জা।