কুমিল্লার দেবীদ্বারে ব্যবসায়ী আবদুল আউয়াল (৩০) হত্যার বিচার এবং ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রবিবার দুপুরে উপজেলার জাফরগঞ্জ এলাকায় বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অবিলম্বে অভিযুক্ত আসলামসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি করা হয়।
এ সময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, ব্যবসায়ী জহিরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি অপু আহম্মদ, ইউপি সদস্য আবদুল হালিম, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম, যুবলীগ নেতা কায়কোবাদ, ইসমাইল, আবদুস সালাম, আবদুল হালিম, সরু মিয়া, মোসলেম প্রমুখ।
প্রসঙ্গত, দেবীদ্বার উপজেলার রঘুরামপুর গ্রামের আসলাম একই গ্রামের স্কুলপড়য়া এক মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। গত বৃহস্পতিবার রাতে এ নিয়ে সালিশ বসে। এ সময় স্কুলপড়–য়া বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সালিশেই ব্যবসায়ী আবদুল আউয়ালকে আসলামসহ একদল বখাটে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।