পোষা বিড়ালের অসুস্থতা

বাসার পোষা বিড়ালটিও অসুস্থ হতে পারে। প্রাণীদের ভাষা আমরা বুঝতে পারি না বলে লক্ষণ দেখে বুঝতে হবে, তারা কতটা সুস্থ ও অসুস্থ। কোন লক্ষণে প্রাণীদের অসুস্থতা প্রকাশ পায়, তা নিয়ে রইল কিছু পরামর্শ খাবার রুচিতে পরিবর্তন : প্রতিদিনের খাবারের রুটিনের বাইরে যদি বিড়াল বেশি খায় অথবা একদমই না খায়, বুঝতে হবে তার রুচিতে পরিবর্তন হয়েছে। এ লক্ষণ হতে পারে নানা রোগের উপসর্গ।

মুখে দুর্গন্ধ : বিড়ালের মাড়ি ক্ষয় হলে মুখে দুর্গন্ধ হয়। এ ক্ষেত্রে দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ ছাড়া কিডনির সমস্যা হলেও মুখে দুর্গন্ধ হতে পারে।

যেখানে-সেখানে পায়খানা-প্রস্রাব করা : ‘পটি ট্রেইন’ করানোর পরও যদি হঠাৎ করেই বিড়াল ঘর নোংরা করা শুরু করে, তবে বুঝতে হবে সে হয়তো মূত্রনালির কোনো সমস্যায় ভুগছে।

ওজন কমে যাওয়া : বিড়ালকে কোলে নেওয়ার পর যদি মনে হয় তার ওজন হুট করে কমে গেছে, তবে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিন। কারণ থাইরয়েড রোগ এমনকি ক্যানসারের কারণেও ওজন কমে যেতে পারে।

লোম পরিষ্কার না করা : বিড়াল ও বিড়ালজাতীয় প্রাণীরা সাধারণত নিজেদের শরীর চেটে চেটে পরিষ্কার করে থাকে। তবে কোনো কারণে যদি বিড়াল নিজের শরীর পরিষ্কার করা বন্ধ করে দেয়, তাহলে তা স্বাভাবিক নয়। লক্ষ করুন বিড়ালের গায়ে পোকা বা খোসপাঁচড়া হয়েছে কিনা।

আচরণে পরিবর্তন : হঠাৎ করেই বিড়ালের আচরণে যদি পরিবর্তন চোখে পড়ে, তাহলে বুঝতে হবে কোনো ধরনের সমস্যায় আছে প্রাণীটি।

নানা অসংলগ্নতা : পরিবেশ বদলে বা বাড়িতে নতুন কোনো প্রাণী এলে বিড়ালের মধ্যে নানা ধরনের অসংলগ্নতা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে বিড়ালটির মধ্যে লুকিয়ে থাকার প্রবণতা, খাবারে অরুচি ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়।