‘ক্রীড়ানুরাগী বঙ্গবন্ধু পরিবার’ গ্রন্থের মোড়ক উন্মোচন

দেশের ক্রীড়াঙ্গনের সাফল্যে বঙ্গবন্ধু পরিবারের অবদান নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রচিত মুজিববর্ষের স্মারক গ্রন্থ ‘ক্রীড়ানুরাগী বঙ্গবন্ধু পরিবার’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বইটির সম্পাদক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আকতার হোসেনকে সঙ্গে নিয়ে মুজিব জন্মশতবর্ষের বিশেষ প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, কার্যালয়ের সচিব, প্রেস সচিব, পিএস-১, পিএস-২, এপিএস-১, সামরিক সচিব ও এসএসএফ-এর মহাপরিচালক উপস্থিত ছিলেন।

জয়িতা প্রকাশনীর ‘ক্রীড়ানুরাগী বঙ্গবন্ধু পরিবার’ শিরোনামের বইটিতে দেশের ক্রীড়াঙ্গনের সাফল্যে বঙ্গবন্ধু পরিবারের অবদান তুলে ধরা হয়েছে। ৭৮ পৃষ্ঠার এ বইয়ে স্থান পেয়েছে শতাধিক আলোকচিত্র, যার অনেকগুলোই দুর্লভ। বইটির প্রচ্ছদ ও গ্রন্থ পরিকল্পনা করেছেন শাহরিয়ার খান বর্ণ।