৩১ মার্চ পর্যন্ত দেশের সব খেলা বন্ধ

করোনাভাইরাসের কারণে ৩১ মার্চ পর্যন্ত ক্রিকেট, ফুটবলসহ সব ধরনের খেলাধুলার আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনও এপ্রিলের পর করতে বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

সোমবার বিকেলে সচিবালয়ে সভাকক্ষে মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকে একজন মন্ত্রী বিষয়টি উত্থাপন করেছিলেন যে ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। তখন প্রধানমন্ত্রী বলেছেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল ঘরোয়া খেলা আপাতত বন্ধ রাখবেন। এ ছাড়া আন্তর্জাতিক কোনো ইভেন্ট যদি থাকে সেটিও এপ্রিলের পরে করার অনুরোধ করব।’

করোনাভাইরাসের কারণে বেশ কিছু আন্তর্জাতিক আসর স্থগিত করা হয়েছে আগেই। বাংলাদেশের বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচ স্থগিত করেছে ফিফা। মুজিববর্ষ উপলক্ষে ঢাকায় এশিয়া একাদশ ও বিশ্ব একাদশে দুটি ম্যাচও আপাতত স্থগিত করে বিসিবি।

অলিম্পিক অ্যাসোসিয়েশন স্থগিত করে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। এ ছাড়া আর্চারি, সাইক্লিং, ভলিবলের আন্তর্জাতিক আসর স্থগিত করা হয়।

তবে ফুটবলে ঘরোয়া পর্যায়ের সর্বোচ্চ আসর ঢাকা প্রিমিয়ার ফুটবল লিগ চলমান ছিল। চলমান ছিল মেয়েদের ফুটবল লিগও। মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা ছিল স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সংবাদ বিজ্ঞপ্তিতে এরই মধ্যে এই আসরগুলো স্থগিত করার কথা জানিয়েছে।

এদিকে রবিবারই শুরু হয়েছিল ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য আপাতত এক রাউন্ডের খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বুধ ও বৃহস্পতিবার হওয়ার কথা ছিল দ্বিতীয় রাউন্ডের খেলা। আপাতত এক রাউন্ডের খেলা স্থগিত হলেও সরকারের পরামর্শ মেনেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।