শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদকমুক্ত রাখতে হবে: হারুন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আলহাজ বজলুল হক হারুন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদকমুক্ত রাখতে হবে। কোনোরকম মাদকে জড়িত হওয়া যাবে না।

তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অত্যন্ত জাঁকজমকভাবে উদযাপন করার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে স্বল্পভাবে অনুষ্ঠান হবে।

সোমবার সকাল ১১টায় ঝালকাঠির রাজাপুর সরকারি কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।

রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারী খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রাজাপুর থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, গালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক কামাল, রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা মজিবর, মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার, বড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহআলম মন্টু, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে রাজাপুর সরকারী কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন এমপি বজলুল হক হারুন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় তিন কোটি টাকা ব্যায়ে ২০১৮-১৯ অর্থ বছরে এ ভবনটি নির্মাণ করা হয়।