দুই কোটি পঞ্চাশ লাখ টাকা মূল্যের ভারতীয় ‘ক্রিষ্টাল মেথ আইস’ মাদক জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) মাদক বিরোধী বিজিবির বিশেষ অভিযানে এসব মাদক আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় ঘোনা বিওপির একটি বিশেষ আভিযানিক দল ওই দিন সকাল আনুমানিক ৯:৪০ ঘটিকায় সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ঘোনা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৬/১৩-এস থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে 'দাঁতভাঙ্গা শ্মশানঘাট' এলাকা দিয়ে ভারত থেকে মাদকের একটি চালান বাংলাদেশে পাচার হতে যাচ্ছে। খবর পেয়ে বিজিবি টহল দল আগে থেকেই কৌশলগত অবস্থান গ্রহণ করে।
অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৫০০ গ্রাম ভারতীয় ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
সাতক্ষীরা ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে বিজিবির এই কঠোর অবস্থান ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, বিজিবির এমন তাৎপর্যপূর্ণ ও সফল অভিযানে স্থানীয় সাধারণ জনগণ চরম সন্তোষ প্রকাশ করেছেন এবং সীমান্ত এলাকায় মাদকের অনুপ্রবেশ বন্ধে এ ধরনের অভিযান প্রতিনিয়ত চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
মিরসরাই সীমান্তে অর্ধশত গরু জব্দ করেছে বিজিবি
গাংনী সীমান্তে ৬ ভারতীয়কে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি