বরিশালে বেড়েছে প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন

বরিশাল জেলায় হোম কোয়ারেন্টাইনে প্রবাসীদের সংখ্যা বেড়েছে। তবে বিদেশ থেকে আসা প্রবাসীদের তালিকা না পাওয়ায় বিপাকে পড়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

সোমবার দুপুর পর্যন্ত বরিশাল জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ২০ জন। গত রোববার বরিশাল জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ১১ জনের সঙ্গে আরও ৯ জন যুক্ত হয়েছে।

এদিকে বরিশালের বাকেরগঞ্জে হোম কোয়ারেন্টাইন থেকে আত্মগোপনে চলে যাওয়া এক প্রবসী নিজ বাড়িতে ফিরে এসেছে।

বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন সোমবার দুপুরে জানান, বাকেরগঞ্জ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা এক প্রবাসী স্বাস্থ্য বিভাগকে না জানিয়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন। বিষয়টি জানার পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন ওই প্রবাসী নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে ফিরে এসেছেন।

সিভিল সার্জন আরও জানান, বিদেশ থেকে যে প্রবাসীরা বাংলাদেশে আসছেন তাদের তালিকা এখন পর্যন্ত হাতে পায়নি সিভিল সার্জন কার্যালয়। আর এ কারণে গত শনিবার থেকে যারা বাংলাদেশে এসেছেন তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা যথাযথভাবে সম্ভব হয়নি।

অন্যদিকে করোনার সেবায় নিয়োজিত চিকিৎসকদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী এখনো পৌঁছয়নি বলে জানান সিভিল সার্জন।