ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়ে যা বললেন মাঞ্জরেকার

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদ পড়েছেন সাবেক ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকার। যা নিয়ে এবার মুখ খুললেন মঞ্জরেকার নিজে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেছেন, বিষয়টি পেশাদারিত্বের মনোভাব নিয়েই দেখছেন তিনি।

এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় বোর্ডের ধারাভাষ্যকারদের প্যানেলে আছেন সঞ্জয় মঞ্জরেকার। দেশের সবচেয়ে অভিজ্ঞ ধারাভাষ্যকারদের মধ্যে পড়েন তিনি। এ কারণেই তার বাদ পড়াটা বেশ সাড়া জাগানো খবর।

যদিও গেল ক’বছরে বেশ কয়বার বিতর্কিত খবরে শিরোনাম হয়েছেন মাঞ্জরেকার। বিশেষ করে ইংল্যান্ড বিশ্বকাপের সময় রবীন্দ্র জাদেজার সঙ্গে তার টুইটারে তার বেশ ঠোকাঠুকিই হয়েছে। জাদেজাকে সীমিত ক্ষমতার ক্রিকেটার বলে বিতর্কে জড়ান।

বাংলাদেশের বিপক্ষে দিবারাত্রির টেস্টে আরেক ধারাভাষ্যকার হার্শা ভোগলেকে হেয় করে কথা বলেছিলেন মাঞ্জরেকার। এসব কারণেই হয়তো বিসিসিআই তার প্রতি সন্তুষ্ট ছিল না। বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে ভারতীয় মিডিয়া বলছে এমনই।

রবিবার এক টুইট বার্তায় মাঞ্জরেকার লিখেছেন, ‘ধারাভাষ্যকে সব সময়ই দুর্দান্ত সুযোগ হিসেবে দেখেছি। কিন্তু তা কখনই অধিকার বলে দেখিনি। আমাকে নেওয়া হবে কি না তা সব সময়ই নিয়োগকর্তাদের ব্যাপার। আর সেটাকে আমি সম্মান জানাচ্ছি।’

মাঞ্জরেকার আরো লিখেছেন, ‘হয়তো বিসিসিআই আমার পারফরম্যান্স নিয়ে এখন খুশি নয়। আর পেশাদার হিসেবে আমাকে সেটা মানতে হবে।’