ঘুনধুম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম সীমান্তের ৩৯-৪০ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে মাইন বিস্ফোরণে মনির উল্লাহ (২৫) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। মনির ঘুনধুম শূন্যরেখায় আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পের কালা মিয়ার ছেলে।

ওই ক্যাম্পের নেতা দিল মোহাম্মদ জানান, মনির ঝুপড়ি ঘর মেরামতের জন্য বাঁশ সংগ্রহ করতে গিয়েছিলেন। ফেরার পথে মাইন বিস্ফোরণে মারা যান। তার সঙ্গে থাকা অন্য রোহিঙ্গারা লাশ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। মাইনের আঘাতে মনিরের হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমদ বলেন, মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।