ঘরের দরজা ভেঙে মসজিদের ইমামকে কুপিয়ে জখম

রাজবাড়ীর গোয়ালন্দে ঘরের দরজা ভেঙে মসজিদের এক ইমামকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোরে উপজেলার নবুওসিমদ্দিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সজীব মোল্লা (১৮) স্থানীয় আঞ্জুমান ই কাদরিয়া মসজিদের ইমাম ও উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বরপাড়া গ্রামের সিরাজ সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় রাকিব শেখ নামে এক যুবক সজীবের বোনকে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে রাকিবের সঙ্গে সজীবের বেশ কয়েকবার বাগ্বিত-াও হয়। প্রতিদিনের মতো সোমবারও নামাজ পড়ানো শেষে ইমামের জন্য নির্ধারিত শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন সজীব। ভোররাত ৩টার দিকে তার কক্ষের সামনে গিয়ে তাকে দরজা খুলতে বলে রাকিব। এ সময় সজীব দরজা না খোলায় সেটি ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি কোপায় রাকিব ও তার সহযোগীরা। একপর্যায়ে গুরুতর আহত হয়ে চিৎকার শুরু করতে থাকে সজীব। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে রাকিব ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। কর্তব্যরত চিকিৎসক সজীবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান দেশ রূপান্তরকে জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করেছেন সজীবের বাবা।