মুজিববর্ষে ইসলামিক ফাউন্ডেশনের কর্মসূচি

বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বছরজুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। ধারাবাহিকভাবে সেগুলো বাস্তবায়ন করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দেশের ৭৮ হাজার স্থানে বিশেষ দোয়া অনুষ্ঠান : বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ১৭ মার্চ ২০২০ বাদ জোহর বায়তুল মোকাররমসহ ইসলামিক ফাউন্ডেশনের ৬৪টি বিভাগীয় বা জেলা কার্যালয়, ৫০৮টি উপজেলা বা জোন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ৭৩ হাজার ৭৬৮টি কেন্দ্র, ৫৫০টি মডেল রিসোর্স সেন্টার, এক হাজার ৫০০টি সাধারণ রিসোর্স সেন্টার, ৫৫৫টি মডেল লাইব্রেরি, এক হাজার ১০টি দারুল আরকাম মাদ্রাসা, ৫০টি ইসলামিক মিশন কেন্দ্র, ৪৬৫টি মক্তব, সাতটি ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমিসহ মোট ৭৮ হাজার ৪৭৮টি স্থানে বিশেষ দোয়া হবে।

১০০ জন হাফেজের মাধ্যমে ১০০ কোরআন খতম : জাতির পিতা ও তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ১৭ মার্চ বায়তুল মোকাররমে ১০০ জন কোরআনে হাফেজের মাধ্যমে কোরআনের ১০০ খতম করা হবে। এ ছাড়া চট্টগ্রামের আন্দরকিল্লাহ শাহি জামে মসজিদ ও জমিয়তুল ফালাহ মসজিদ এবং রাজশাহীর হেতেম খাঁ মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক সেমিনারের আয়োজন : ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা এবং সব ধর্মের অধিকার সুরক্ষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শিরোনামে আটটি বিভাগীয়সহ মোট ৯টি আন্তর্জাতিক সেমিনার দেশি-বিদেশি খ্যাতিমান ইসলামি স্কলারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররম মসজিদকে ‘জাতীয় মসজিদ’ হিসেবে ঘোষণা : মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রধান মসজিদ বায়তুল মোকাররমকে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় মসজিদ’ হিসেবে ঘোষণা করা হবে।

মুজিববর্ষে আন্তঃধর্মীয় সংলাপ : সাম্প্রদায়িক সম্প্রীতি সুসংহত করার প্রত্যয়ে দেশের প্রতিটি বিভাগে আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হবে।

১০০টি মডেল মসজিদের নির্মাণকাজ সুসম্পন্ন করা : বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আট হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে মুজিববর্ষে ১০০টি মডেল মসজিদের নির্মাণকাজ সুসম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

১০০ মৌলিক বই প্রকাশ : মুজিববর্ষ উপলক্ষে পবিত্র কোরআন ও হাদিসের ওপর গবেষণাধর্মী ১০০টি মৌলিক বই প্রকাশ করা হবে।

ইসলামের খেদমতে বঙ্গবন্ধুর অবদান বিষয়ক বুকলেট ও ডকুমেন্টারি : ইসলামের প্রচার ও প্রসারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের ওপর বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় বুকলেট ও ডকুমেন্টারি নির্মাণ করা হবে।

বায়তুল মোকাররম মসজিদের আধুনিকায়ন ও সৌন্দর্য বৃদ্ধিকরণ : মুজিববর্ষ উপলক্ষে বায়তুল মোকাররমকে দৃষ্টিনন্দন, আধুনিকায়ন ও সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে প্রকল্প গ্রহণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৯৬-২০০১ মেয়াদে ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত বায়তুল মোকাররম মসজিদের মিনারের অসমাপ্ত কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

বঙ্গবন্ধু কর্নার স্থাপন : ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের কেন্দ্রীয় লাইব্রেরিসহ ৬৪ জেলা লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হবে।

বিনামূল্যে ছয় লাখ কোরআনুল কারিম বিতরণ : মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় সারা দেশে ছয় লাখ কপি কোরআনুল কারিম বিনামূল্যে শিশু-কিশোরদের মধ্যে বিতরণ করা হবে।

ইসলামিক মিশনের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প : ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বায়তুল মোকাররম কার্যালয় ও ৫০টি ইসলামিক মিশনে ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে।

বিশেষ ইসলামি বইমেলার আয়োজন : বায়তুল মোকাররম মসজিদ আঙিনা এবং ৬৪ বিভাগীয় ও জেলা কার্যালয়ে মাসব্যাপী বিশেষ ইসলামি বইমেলার আয়োজন করা হবে।

স্মারকগ্রন্থ ও ক্রোড়পত্র প্রকাশ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর আকর্ষণীয় স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে। এ ছাড়া জাতীয় শিশু দিবস ও জাতীয় শোক দিবসে জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের নিয়মিত প্রকাশনা ‘মাসিক অগ্রপথিক’ ও ‘মাসিক সবুজপাতা’ পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ করা হবে।

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে বিশেষ দোয়া ও আলোচনাসভা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ দোয়া ও মোনাজাত এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনাসভা : ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন কেন্দ্র ও সাতটি ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা : ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে জাতীয় পর্যায়ে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।

কর্মস্থল পরিচ্ছন্নকরণ কর্মসূচি : ‘পরিচ্ছন্ন কর্মপরিবেশ, পরিচ্ছন্ন সেবা’ শিরোনামে ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন কেন্দ্র ও সাতটি ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির অফিস ও অফিসের চারপাশ পরিচ্ছন্ন করা হবে।