হবিগঞ্জের লাখাইয়ে সরকারি নির্দেশনা না মেনে বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠান করায় সেটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার করাব গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ফ্রান্সফেরত ওই বর ও তার পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। লাখাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকার জানান, গত ১১ মার্চ মাসুক নামে ওই প্রবাসী যুবক ফ্রান্স থেকে দেশে আসেন। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে তার স্বাস্থ্য পরীক্ষা করে করোনা ভাইরাসের আলামত পাওয়া যায়নি। তারপরও সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তী ১৪ দিন তাকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছিল। কিন্তু স্থানীয় প্রশাসনকে না জানিয়ে গত সোমবার একই উপজেলার জিরুন্ডা গ্রামে বিয়ে করেন মাসুক। মঙ্গলবার দুপুরে তার বাড়িতে বৌভাতের অনুষ্ঠান চলছিল। একপর্যায়ে বিষয়টি টের পেয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। এরপর ঢাকায় আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পরামর্শ অনুযায়ী মাসুকের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তবে তার শরীরে করোনার কোনো আলামত পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, বৌভাতের অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়ার পর কোনো অতিথিকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। একইসঙ্গে বর-কনেসহ ওই পরিবারের সব সদস্যের আগামী ২৬ মার্চ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে। এ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। তাছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসককে দিয়ে প্রতিদিন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।