করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে জনসমাগম না ঘটিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের বছরব্যাপী আয়োজনের উদ্বোধন হয় গতকাল। সীমিত আয়োজনের এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে তার ছোট মেয়ে শেখ রেহানার লেখা কবিতা আবৃত্তি করেছেন বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শেখ রেহানা কণ্ঠ দেন মুজিববর্ষের ‘থিম সং’-এ।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন বাস্তবায়ন জাতীয় কমিটির সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ব্যক্ত করেছেন তার অনুভূতি। রেহানার লেখা কবিতা আবৃত্তি করেছেন শেখ হাসিনা, এতে ছিল বাবাহারা কন্যার আকুতি। অন্যদিকে বঙ্গবন্ধুকে নিয়ে যে ‘থিম সং’ করা হয়েছে, সেটি গেয়ে শুনিয়েছেন শিল্পীরা। শেখ রেহানাও সেখানে কণ্ঠ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতির পিতার উদ্দেশে কবিতা আবৃত্তি করেন। তিনি পড়েন
বাবা
শেখ রেহানা
জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে
শুভেচ্ছা জানানো ছিল
আমার সবচেয়ে আনন্দ।
আর কখনো পাব না এই সুখ
আর কখনো বলতে পারব না
শুভ জন্মদিন।
কেন এমন হলো?
কে দেবে আমার প্রশ্নের উত্তর
কোথায় পাব তোমায়...
যদি সন্ধ্যা তারাদের মাঝে থাকো
আকাশের দিকে তাকিয়ে বলব
শুভ জন্মদিন।
তুমি কি মিটিমিটি জ্বলবে?
যদি বিশাল সমুদ্রের সামনে
ঢেউয়ের খেলার মধ্যে থাকো বলব
শুভ জন্মদিন।
সমুদ্রের গর্জনে শুনব কি
তোমার বজ্রকণ্ঠ?
পাহাড়ের চূড়ায় যেখানে মেঘ
নীল আকাশে লুকোচুরি খেলে
তুমি কি ওখানে?
তাকিয়ে বলব
শুভ জন্মদিন।
এক টুকরো সাদা মেঘ ভেসে যাবে
ওখানে কি তুমি?
আকাশে বাতাসে পাহাড়ে উপত্যকায়
তোমাকে খুঁজব, ডাকব বাবা...
যে প্রতিধ্বনি হবে
ওখানে কি তুমি?
শুভ জন্মদিন।