করোনাভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে বেশ কিছু পোস্ট দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। সর্বশেষ ফেসবুকে স্ট্যাটাসে একে ‘অবিশ্বাস্য এবং অবিস্মরণীয় মহাযুদ্ধ’ বলে উল্লেখ করেন তিনি।
আশঙ্কার পাশাপাশি কিছু পরামর্শও দেন ‘পিঁপড়াবিদ্যা’-খ্যাত ফারুকী।
তিনি লেখেন, “বিশ্বের বড় বড় দেশের কর্তাব্যাক্তিরা এটাকে তুলনা করছে যুদ্ধকালীন পরিস্থিতি হিসাবে। এটাতো এক অবিশ্বাস্য এবং অবিস্মরণীয় মহাযুদ্ধই। নাইলে কেউ দুঃস্বপ্নেও ভাবছিলো আলো ঝলমলে সব বড় শহর ফাঁকা মরুদ্যান হয়ে যাবে? আর লোকেরা ঘরে বসে দিন গুজরান করবে?
আমরাও আসেন এটারে যুদ্ধকালীন পরিস্থিতি হিসাবেই লই। নিজের হাতের সাথে যুদ্ধ করি, হাত পরিষ্কার রাখার যুদ্ধ। নিজের মনের সাথে যুদ্ধ করি, ঘুরতে না যাওয়ার, বেশি মানুষ এক জায়গায় না হওয়ার, আড্ডাবাজি না করার যুদ্ধ। বাঁইচা থাকলে এইসবই করতে পারবো।
আর সরকারের বন্ধুরা, আসেন করি, টেস্টিং কিট সংগ্রহ করার যুদ্ধ, প্রতিটা হাসপাতালে করোনা মোকাবিলা ইউনিট বানানোর যুদ্ধ, ডেসিগনেটেড নার্স এবং ডাক্তারের দল বানানোর যুদ্ধ, লোকজনরে ঘরের ভিতর রাখার যুদ্ধ। পনেরো দিনের ছুটি দিয়া আন্তজেলা যোগাযোগ বন্ধ করে দিলে কী হয়? সেনাবাহিনী মাঠে নামাইয়া মানুষের মুভমেন্ট জিরোতে নিয়া আসলে কী হয়? কি কি সাপোর্ট সিস্টেম চালু করলে ঘরে থাকলেও মানুষের খাওয়ার কষ্ট হবে না সেই প্রোগ্রাম নিলে কী হয়?
যুদ্ধ হইলেতো এইসবই হইতো নাকি?
শত্রু ঢুইকা পড়ার আগেই প্রস্তুত হওয়া মানেই যুদ্ধ জয়।
আসেন জিতি। কারন এছাড়া আমাদের সামনে আর কোনো অপশন নাই।”*
ফারুকী নির্মিত সর্বশেষ সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’ বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে। অবশ্য এর আগের ছবি ‘শনিবার বিকেল’ এক বছরের বেশি সময় ধরে আটকে আছে সেন্সর বোর্ডে।
*লেখকের বানানরীতি অপরিবর্তিত