চট্টগ্রামের সীতাকুণ্ডে যুক্তরাষ্ট্রফেরত এক ব্যক্তি (৭৫) হোম কোয়ারেন্টাইন মানতে না চাওয়ায় প্রশাসনের কাছে অভিযোগ করেছেন তারই ছেলে।
বুধবার সকালে সীতাকুণ্ডের নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে যুক্তরাষ্ট্রফেরত ওই ব্যক্তির ছেলে এই অভিযোগ করেন। পরে বোঝানোর পর তিনি হোম কোয়ারেন্টাইন মানবেন বলে অঙ্গীকার করেন।
অভিযোগকারী ছেলে গণমাধ্যমকে বলেন, আমার বাবা বাড়িতে থাকেন ঠিকই। কিন্তু নামাজ পড়া কিংবা অন্য কারণে বাইরে বের হতে চাইতেন। আমরা বাবাকে বাইরে যেতে নিষেধ করলেও তিনি মানতে চাইতেন না। উল্টো ধমক দিতেন। তার থেকে করোনায় আক্রান্ত হলে দেশের নিরীহ মানুষ মরবে বোঝানো হলে তিনি বাইরে না যেতে রাজি হন।
তিনি আরও বলেন, যখন তাঁরা তার বাবাকে হোম কোয়ারেন্টাইন মানাতে পারছিলেন না, তখন তিনি ইউএনওকে ফোন দেন। পরে ইউএনও তাঁকে বুঝিয়ে বলেন।
ইউএনও মিল্টন রায় বলেন, কেউ যদি হোম কোয়ারেন্টাইন না মানেন, তাহলে সরকার তাকে মানতে বাধ্য করবে। প্রয়োজনে জেল–জরিমানা করবে।