জাপান ফুটবল ফেডারেশনের প্রধান ও ২০২০ অলিম্পিক কমিটির ভাইস চেয়ারম্যান কোজা তাসিমা ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন সবার কাছে। নিজে করোনাভাইরাস পজিটিভ হওয়ায় যাদের সঙ্গে মিশেছেন তাদের বিপদের কারণ হওয়ায় তার এই ক্ষমা প্রার্থনা। ৬২ বছর বয়সী তাসিমা জানান, ‘আমার হালকা জ্বর আছে এবং নিউমোনিয়াও আছে। এছাড়া আমি ঠিক আছি। কিন্তু সবার কাছে ক্ষমা চাই কারণ হয়তো আমার জন্য অনেকেই আক্রান্ত হতে পারেন।’ ফেব্রুয়ারি ২৮ থেকে মার্চের ৮ পর্যন্ত তাসিমা ইউরোপ সফরে ছিলেন। উয়েফা সাধারণ সভায় উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে সার্বিয়ান ফুটবলের প্রেসিডেন্ট স্লাভিসা কোকেজার পাশের আসনে বসেছিলেন তিনি। একদিন আগেই জেনেছেন কোকেজা করোনা পজিটিভ। এরপরই নিজের টেস্ট করিয়ে দুঃসংবাদটি পান তাসিমা।