কলারোয়া সীমান্ত

২৯ কেজি রুপার গহনা জব্দ

সাতক্ষীরার কলারোয়ায় ৩৩ বিজিবির অভিযানে চান্দুড়িয়া সীমান্ত থেকে ২৯ কেজি ২৫ গ্রাম রুপার গহনা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা ৩টায় ৩৩ বিজিবির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ৩৩ বিজিবির অধিনায়ক গোলাম মোহাম্মদ মহিউদ্দিন খন্দকার লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্তের কাঁদপুর থেকে রুপার গহনাসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দুড়িয়া বিওপির কমান্ডার হাবিলদার মাহবুব আলমের নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়।